মুক্তির অপেক্ষায় থাকা ওয়েব ফিল্ম ‘মিশন ডিডিএলজে’র ট্রেলার প্রকাশ পেয়েছে। প্রায় দুই মিনিটের ট্রেলারে নব্বই দশকের বলিউডের জনপ্রিয় সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র (ডিডিএলজে) নস্টালজিক আবহের ইঙ্গিত মিলেছে। নতুন জুটি সাদ নাওভী ও লাবণ্যের সংলাপ ও দৃশ্যায়নে উঠে এসেছে শাহরুখ খান-কাজল অভিনীত সেই সিনেমার রাজ-সিমরানের প্রসঙ্গ।
ট্রেলারে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র সঙ্গে সম্পর্কিত বেশ কিছু বিষয়ও টেনে আনা হয়েছে। এমনকি সিনেমাটিতে শাহরুখ খান যেভাবে কাজলকে প্রপোজ করেছিলেন, সেই প্রসঙ্গও এসেছে। সব মিলিয়ে ট্রেলার প্রকাশের পর দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।
ট্রেলারের বেশ কিছু দৃশ্যে ফুটে উঠেছে চেনা নস্টালজিক রোমান্সের আবহ। বিশেষ করে ব্যাকগ্রাউন্ড ও গ্রামীণ আউটডোর লোকেশনের ব্যবহার নজর কেড়েছে। দৃশ্যায়নে নব্বই দশকের প্রেমের সরলতা ও আবেগকে বর্তমান সময়ের গল্পের সঙ্গে মেলানোর চেষ্টা দেখা গেছে।

‘মিশন ডিডিএলজে’ পরিচালনা করেছেন আসিফ জাহাঙ্গীর অর্ক। ট্রেলার প্রকাশের পর নির্মাণশৈলী নিয়েও দর্শকদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সহজ-সরল ভালোবাসার অনুভূতি এবং যত্ন নিয়ে ফ্রেমবন্দি করা বিভিন্ন দৃশ্য ইতোমধ্যেই নজর কেড়েছে।
নির্মাতা জানিয়েছেন ওয়েব ফিল্মটির নামের মধ্যেই রয়েছে একটি ‘হিডেন স্টোরি’ । তবে গল্পের সঙ্গে নামটির যোগসূত্র কী, তা এখনই প্রকাশ করতে চাননি তিনি। পুরো বিষয়টি জানতে দর্শকদের ওয়েব ফিল্মটি দেখতে হবে বলে জানান নির্মাতা।
আসিফ জাহাঙ্গীর অর্ক বলেন, ‘এটি মূলত একটি রোম্যান্টিক কমেডি ঘরানার গল্প। প্রায় ৮০ মিনিটের এই ওয়েব ফিল্মে নব্বই দশকের প্রেমের আবহকে বর্তমান সময়ের দর্শকদের কাছে নতুনভাবে তুলে ধরার চেষ্টা করেছি। নতুন জুটি হিসেবে নাওভী ও লাবণ্য দারুণ অভিনয় করেছেন। তাদের রসায়ন দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস। পাশাপাশি গল্পটিও দর্শকদের অন্যরকম আনন্দ দেবে।’
ওয়েব ফিল্মটির এক্সিকিউটিভ প্রডিউসার আশেক হোসেন তন্ময় জানিয়েছেন, আগামী ২৫ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে ‘মিশন ডিডিএলজে’।

বিনোদন ডেস্ক । জনতার কণ্ঠ.কম 



















